জাতীয়

সচিবালয়ে হচ্ছে ২১ তলা আধুনিক ভবন, ব্যয় ৬৪৯ কোটি টাকা

বাংলাদেশ সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৪৯ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা। গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদনের সব আয়োজন এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের প্রশাসনিক কাঠামোর প্রাণকেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। সরকারি অর্থায়নে ২০২৯ সালের জুন মেয়াদের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আসন্ন সভায় উপস্থাপিত হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম একনেক সভা আগামী ৬ এপ্রিল। রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

সচিবালয়ে বিদ্যমান অফিস স্পেস ৯ লাখ ৯৯ হাজার ৯৭২ ফুট। তবে বর্তমানে অতিরিক্ত চাহিদা রয়েছে ৬ লাখ ৮০ হাজার বর্গফুট। প্রস্তাবিত ভবনটি হলে এই চাহিদার একটি অংশ পূরণ করা সম্ভব হবে।- গণপূর্ত অধিদপ্তর

প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম

সচিবালয় প্রাঙ্গণে অধিকসংখ্যক মন্ত্রণালয় ও বিভাগের স্থান সংকুলান, জমির সুষ্ঠু ব্যবহার ও সরকারি অর্থের সুষ্ঠু উপযোগিতা নিশ্চিত করাই হলো প্রকল্পটির উদ্দেশ্য।

প্রধান কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে, ২১ তলা ভবন নির্মাণ করা হবে। এতে থাকবে চারটি বেজমেন্টসহ একটি ফাউন্ডেশন, সুপার স্ট্রাকচার, অভ্যন্তরীণ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, অভ্যন্তরীণ বিদ্যুতায়ন ও গ্যাস সংযোগ। পাশাপাশি ভূগর্ভস্থ জলাধার নির্মাণ করা হবে।

সচিবালয়ে বর্তমানে অফিস স্পেস আছে ৯ লাখ ৯৯ হাজার ৯৭২ ফুট/ফাইল ছবি

সেই সঙ্গে দুটি সাব-স্টেশন (প্রতিটি ২ হাজার কেভিএ), জেনারেটর (দুটি ৫০০ কেভিএ ও তিনটি ৪০০ কেভিএ) ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন করা হবে। থাকবে ছয় সেট প্যাসেঞ্জার লিফট, ছয় সেট ফায়ার লিফট ও দুই সেট বেড লিফট। অগ্নিনিরাপত্তা ও শনাক্তকরণ ব্যবস্থা স্থাপন এবং মাল্টিমিডিয়াসহ কনফারেন্স সিস্টেমও থাকবে। এর সঙ্গে নির্মাণ করা হবে ২০টি আধুনিক কনফারেন্স রুম।

এছাড়া প্রকল্প চলাকালে সার্বিক নিরাপত্তাব্যবস্থার জন্য সেফটি ক্যানোপি, সেফটি নেট ও সার্ভিস লিফট স্থাপন, পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা সরবরাহ এবং আসবাবপত্র কেনা হবে।

আরও পড়ুনবায়তুল মোকাররমে বসবে চলন্ত সিঁড়ি-১৬৪ ফুট উঁচু মিনারফারাক্কা থেকে দেশ বাঁচাতে হবে পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৪৪৯৭ কোটি টাকা৭ বছরেও সংস্কার হয়নি শহীদ জিয়া শিশু পার্ক, আনন্দবঞ্চিত শিশুরা

বর্তমান চাহিদার ৪২.৩০ শতাংশ পূরণ

পরিকল্পনা বিভাগ বলছে, সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সচিবালয়। অধিকাংশ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সচিবালয়ের নির্দেশনা মোতাবেক বাস্তবায়িত হয়। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বহুলাংশে এবং সামগ্রিকভাবে সেবা বৃদ্ধি পাওয়ায় কেবল কর্মকর্তা-কর্মচারী নন, প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিদেশি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধি, ব্যবসায়ী-উদ্যোক্তাসহ সাধারণ জনগণ নিজ নিজ প্রয়োজনে এখানে আগমন করেন।

একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে। এছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেকে অবহিত করার জন্য তোলা হবে। এসব প্রকল্পের মধ্যে ‘বাংলাদেশ সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পটি রাখা হয়েছে।- পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল

সচিবালয়ে বর্তমানে বিদ্যমান স্থাপনাগুলো ক্রমবর্ধমান ব্যবহারকারীর চাহিদা পূরণে সক্ষম হচ্ছে না। প্রস্তাবিত ভবনটি নির্মিত হলে সচিবালয়ে ২ লাখ ৮৭ হাজার ৬৩৬ বর্গফুট জায়গা পাওয়া যাবে, যাতে অতিরিক্ত চাহিদার ৪২ দশমিক ৩০ শতাংশ পূরণ হবে। এর মাধ্যমে আরও উন্নত সেবা প্রাপ্তি সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারের প্রশাসনিক কাঠামোর প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছে পরিকল্পনা বিভাগ।

 সচিবালয়ে বিদ্যমান স্থাপনাগুলো ক্রমবর্ধমান ব্যবহারকারীর চাহিদা পূরণে সক্ষম হচ্ছে না/ফাইল ছবি

ভূমিকম্প সহনীয় আধুনিক নির্মাণশৈলী

গণপূর্ত অধিদপ্তর জানায়, সচিবালয়ে বিদ্যমান অফিস স্পেস ৯ লাখ ৯৯ হাজার ৯৭২ ফুট। তবে বর্তমানে অতিরিক্ত চাহিদা রয়েছে ৬ লাখ ৮০ হাজার বর্গফুট। প্রস্তাবিত ভবনটি হলে এই চাহিদার একটি অংশ পূরণ করা সম্ভব হবে।

নতুন বহুতল ভবনটি ভূমিকম্প সহনীয় করতে অত্যন্ত আধুনিক নির্মাণশৈলী ব্যবহার করা হবে। সেই আলোকে বেজমেন্টসহ ২১ তলা ভবনের নকশা স্থাপত্য অধিদপ্তর চূড়ান্ত করেছে। বেইজমেন্টে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থার পাশাপাশি পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম, পাবলিক এড্রেস সিস্টেমস অত্যাধুনিক সুযোগ-সুবিধার সংস্থান রেখে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন‘যুদ্ধের অজুহাতে’ রড-সিমেন্টের দাম আকাশছোঁয়াসাইকেল লেনেও পার্কিং-দোকান, চলছে বাস-ট্রাক ঘেঁষেশিক্ষায় বদলের হাওয়া, ‘চমকে ভরা’ ১৮০ দিনের পরিকল্পনাএ নিয়ে কথা হলে পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার জাগো নিউজকে বলেন, আগামী ৬ এপ্রিল সরকারের প্রথম একনেক। সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে ৯টি নতুন। এছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেকে অবহিত করার জন্য তোলা হবে। এসব প্রকল্পের মধ্যে ‘বাংলাদেশ সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পটি রাখা হয়েছে।

এমওএস/একিউএফ/এমএমএআর/এমএফএ