ডেলিভারিতে স্ত্রীর পাশে থাকার অনুমতি পেলেন সাবজেলে থাকা সেনা কর্মকর্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ এএম, ০৬ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল/ ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা সেনানিবাসের সাবজেলে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান। আগামী ২০ এপ্রিল তার স্ত্রীর সন্তান জন্মদানের (ডেলিভারির) সম্ভাব্য দিন। সন্তান জন্মদানের সময় মশিউর রহমানকে তার স্ত্রীর পাশে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে রোববার (৫ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন
চট্টগ্রামে ১৯ বছর আগে শাওন হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড 
মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট 

শুনানিতে আসামিপক্ষের সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, মশিউর রহমানের স্ত্রী গর্ভবতী। সম্মিলিত সামরিক হাসপাতালে তার স্ত্রীর সন্তান জন্মদানের সম্ভাব্য দিন ধার্য আছে ২০ এপ্রিল। তার স্ত্রীর প্রত্যাশা সন্তান জন্মদানের সময় মশিউর রহমান যেন পাশে থাকেন। এ জন্য মশিউর রহমানের জামিন চান।

তখন ট্রাইব্যুনাল বলেন, তার জামিন দেওয়া হবে না। তবে সন্তান জন্মদানের সময় মশিউর রহমান যেন স্ত্রীর পাশে থাকতে পারেন, সেই নির্দেশনা দেন।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় করা মামলায় বর্তমান ও সাবেক ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ জন আসামি। এর মধ্যে ১০ সেনা কর্মকর্তা ঢাকা সেনানিবাসের সাবজেলে আছেন। তাদের একজন লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান।

এফএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।