আন্তর্জাতিক

একদিনে ইরানের ১৭ বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ইরানের ১৭ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এসব হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর হামলার কোনো ন্যায্যতা নেই এবং এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ।

তিনি বলেন, কোনো বেসামরিক স্থাপনা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হলেও, যদি সেই হামলায় অতিরিক্ত বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে, তাহলে তা আন্তর্জাতিক আইনের অধীনে নিষিদ্ধই থাকবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন, ইরান নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি না খুললে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে।

সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে তিনি ‘একেবারেই চিন্তিত নন’।

সূত্র: দ্য গার্ডিয়ানকেএএ/