আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

এই নির্দেশনা ‘শেল্টার-ইন-প্লেস’ হিসেবে জারি করা হয়েছে, যার অর্থ নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকায় দেশটি চলমান আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইরানকে আবারও কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনোই ফিরে আসবে না। তিনি আরও যোগ করেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে।

এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে তারা দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোকে এমনভাবে আঘাত করব যা তাদের এবং তাদের মিত্রদের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম