সিরাজগঞ্জ সদরে ৩৬ মণ মুরগির পচা মাংস সংরক্ষণ ও বিক্রির দায়ে দুজনকে ১৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পচা মাংস মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হয়।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারুটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত।
তিনি জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবলু সেখ নামের এক ব্যক্তির ডিপ ফ্রিজে এক হাজার ১১২ কেজি (২৭ মণ) এবং মোহাম্মদ আলী নামের আরেক ব্যক্তির ডিপ ফ্রিজে ৩৭৯ কেজি (৯ মণ) মুরগির পচা মাংস সংরক্ষণের সত্যতা মেলে। এ ঘটনায় ব্যবসায়ী বাবুল সেখকে পাঁচ হাজার ১০০ টাকা ও মোহাম্মদ আলীকে আট হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ মাংস স্থানীয়দের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলে নষ্ট করা হয়েছে।
এম এ মালেক/এসআর/জেআইএম