তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির যাত্রা শুরু হয়েছে গতকাল (মঙ্গলবার)। আজ বুধবার কমিটির ১১ সদস্যকে বিভিন্ন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ড সভা শেষে মিডিয়া ব্রিফিংয়ে কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল।
যেহেতু অ্যাডহক কমিটির এই ১১ জনকেই আগামী ৩ মাস বিসিবি চালাতে হবে। প্রত্যেককেই একাধিক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতি তামিম নিজে রেখেছেন দুটি বিভাগের দায়িত্ব। তবে ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব আপাতত কাউকে দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, ক্রিকেট অপারেশন্স বিভাগ খুবই পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এটি খুবই সংবেদনশীল একটি জায়গা। এখন যদি আমরা নতুন কাউকে সেখানে দায়িত্ব দিই এবং তিনি এসে নিজের মতো করে ইনপুট দিতে শুরু করেন, তাহলে চলমান কাজের মধ্যে অযথা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকতে পারে। এ কারণে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আপাতত ক্রিকেট অপারেশন্সে কাউকে নিয়োগ দেওয়া হবে না। ক্রিকেট অপারেশন্স থেকে কোনো বিষয় বা প্রস্তাব এলে তা বোর্ডে বসেই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। এছাড়া আমিরুল ইসলাম বাবু গ্রাউন্ডস কমিটি, আতহার আলী খানকে দেওয়া হয়েছে আম্পায়ার্স কমিটির দায়িত্ব। আর মিনহাজুল আবেদীন নান্নু পেয়েছেন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব।
এক নজরে বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি
তামিম ইকবাল- ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজফাহিম সিনহা- গেম ডেভেলপমেন্ট এবং বিপিএলরফিকুল ইসলাম বাবু- গ্রাউন্ডস
তানজিল চৌধুরী -এইজ গ্রুপসালমান ইস্পাহানী- মার্কেটিং এবং ডিসিপ্লিনরাশনা ইমাম- উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন কমিটি
ইসরাফিল খসরু- ফিন্যান্স এবং ওয়েলফেয়ারসায়েদ ইব্রাহিম আহমেদ- সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজমিনহাজুল আবেদীন নান্নু- টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির- লজিস্টিকসআতহার আলী খান- আম্পায়ার কমিটি
এসকেডি/এমএমআর