চট্টগ্রামে নতুন করে একজনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত রোগী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে ২৪ জন মহানগর এলাকার এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ২১ জন রোগীই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। সব মিলিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৮০ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, নতুন করে ২৩টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তিনি সবাইকে সচেতন থাকার পাশাপাশি শিশুদের হামের টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এমআরএএইচ/এমআইএইচএস