আইন-আদালত

শিরীন শারমিনের জামিন শুনানির প্রস্তুতি চলছে

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন শুনানি অনুষ্ঠিত হবে আজ রোববার (১২ এপ্রিল)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিনকে আজ আদালতে তোলা হবে না। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ওই মামলাতেই তার জামিন আবেদন শুনানি নির্ধারিত রয়েছে। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা হয় বলে জানা গেছে।

এ মামলায় অভিযোগ রয়েছে, আন্দোলন চলাকালে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আসামি করা হয়।

আরও পড়ুনসাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটকশিরীন শারমিন চৌধুরী এতদিন কোথায় ছিলেন?ভোরে আটক বিকেলে কারাগারে, শিরীন শারমিনকে ঘিরে দিনভর যা হলো

তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, ঘটনাস্থলে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ নেই।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষ শুনানিতে তাদের অবস্থান তুলে ধরবে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ড. শিরীন শারমিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এমডিএএ/বিএ