১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে গ্রিস। দেশটির সরকার জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণে একটি নতুন আইন ২০২৬ সালের মধ্যে তৈরি করা হবে এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এটি পুরোপুরি কার্যকর হবে। এই সিদ্ধান্তের আওতায় টিকটক, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার সীমিত করা হবে।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস জানিয়েছেন, শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মতে, দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটানো এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করা কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে অনলাইন তুলনা, মন্তব্য ও চাপের কারণে অনেক শিশু উদ্বেগ ও ঘুমের সমস্যায় ভুগছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, অনেক অভিভাবকের সঙ্গে আলোচনায় উঠে এসেছে যে সন্তানরা অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে পড়াশোনা ও দৈনন্দিন জীবনেও প্রভাবিত হচ্ছে। এজন্য স্কুল পর্যায়েও মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা চালু করেছে গ্রিস সরকার।
ইউরোপের ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো দেশগুলোর পর গ্রিসও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল নীতিতেও প্রভাব ফেলতে পারে।
সরকারের এক জরিপে দেখা গেছে, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ এই ধরনের নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে অন্যান্য দেশও শিশুদের অনলাইন সুরক্ষায় এমন কঠোর নীতি গ্রহণ করবে।
আরও পড়ুনগুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করবেন যেভাবেগুগল ক্যালেন্ডার ব্যবহারেও হ্যাকারের ফাঁদে পড়তে পারেন
সূত্র: দ্য গার্ডিয়ান
কেএসকে