কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ ‘লেখমালা’ গত জানুয়ারিতে বারো বছর পূর্ণ করে। সে উপলক্ষে ১১ এপ্রিল ঢাকার মিরপুরে ঋদ্ধি প্রকাশনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘লেখমালা যুগপূর্তি উৎসব’।
অনুষ্ঠানে ছিল আড্ডা, ছোটকাগজ ও কবিতাবিষয়ক তিনটি মুক্ত আলোচনা, কবিকণ্ঠে কবিতা পাঠ, পুরস্কার ও সম্মাননা প্রদান। সবশেষে বাচিক শিল্পী নাজমুল আহসানের পরিচালনায় শব্দকল্পদ্রুম পরিবেশিত আবৃত্তি প্রয়োজনা ‘রূপসী বাংলা’।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আতা সরকার, কবি আসাদ মান্নান, গবেষক মোহাম্মদ জয়নুদ্দীন, কথাসাহিত্যিক মোস্তফা কামাল এবং ত্রৈমাসিক সাহিত্যকাগজ অনুপ্রাণনের সম্পাদক আবু এম ইউসুফ।
আরও পড়ুনছড়ার বই ‘রংপাখিদের ছড়া’র মোড়ক উন্মোচনঅতিথিরা বক্তব্যে লেখমালার যুগপূর্তিকে বাংলাভাষি লিটল ম্যাগাজিন আন্দোলনের নিবেদিত লেখক ও শুভানুধ্যায়ীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেন। তারা লেখমালার সম্পাদক কবি মামুন মুস্তাফার সাহিত্যবোধ, রুচি ও অভিজ্ঞতার গহিন রূপবৈচিত্র্যের বিষয়ও তুলে ধরেন। অতিথিরা লেখমালার ধারাবাহিক অগ্রযাত্রার সাফল্য কামনা করেন।
বারো বছর পূর্তি উপলক্ষে সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পেয়েছেন ভিন্নমাত্রার কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব নিসর্গ’র সম্পাদক সরকার আশরাফ।
এ ছাড়া লেখমালা সম্মাননা ২০২৬ দেওয়া হযেছে অপেক্ষাকৃত তরুণ তিন কবি, গল্পকার ও গবেষককে। তারা হলেন যথাক্রমে মামুন রশীদ, শ্রাবণী প্রামানিক এবং বঙ্গ রাখাল। এরসঙ্গে লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে শিক্ষাবিদ ‘গোলাম রসূল স্মৃতিপদক’ অর্জন করেছেন অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।
আরও পড়ুনকাব্যগ্রন্থ ‘কে হাঁটে আমার সাথে’র প্রকাশনা উৎসবলেখমালা বিগত সময়ে আরও চারবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণীজনকে লেখমালা সম্মাননা দিয়েছে। লেখমালার দিনব্যাপী এ অনুষ্ঠান দেশের বরেণ্য কবি-সাহিত্যিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. তানভীর উদ্দিন খান এবং রিজোয়ানা আনোয়ার বর্না।
এসইউ