গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে সাত দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান ও গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
এসময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেছেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নতুন বছরের উদ্দীপনা নিয়ে সবার জীবনকে রাঙিয়ে তুলতে কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আমরাও মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি। যুব সমাজকে সুস্থ ধারার সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে পেশাদার খেলোয়াড়দের জন্য বিশেষ অ্যানাউন্স কার্ডের উদ্বোধন করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমএন/এএসএম