ক্যাম্পাস

লিফটের গুণগতমান দেখতে গ্রিসে যাচ্ছেন শাবিপ্রবির প্রধান প্রকৌশলী

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের লিফটের গুণগতমান দেখতে গ্রিসে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালটিতে চলমান এক হাজার কোটি টাকার ‘অধিকতর উন্নয়ন প্রকল্প-২’ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বরাদ্দ পাওয়া অর্থায়নে নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের লিফটের জন্য এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ক্লিমান হেলাস এস এ গ্রিস’ প্রি-শিপমেন্ট ইন্সপেকশনের (চালানের আগে গুণগতমান পরীক্ষা) জন্য চলতি মাসের ১৩ থেকে ১৯ এপ্রিল গ্রিস সফর করবেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী। সফরকালীন চলমান অধিকতর উন্নয়ন প্রকল্প-২ সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাধন চন্দ্র দাস।

বর্তমানে শাবিপ্রবির ইতিহাসে অন্যতম বড় প্রকল্প ‘অধিকতর উন্নয়ন প্রকল্প-২’ এর আওতায় ১৭টি স্থাপনার কাজ চলছে।

বিষয়টি নিয়ে জানতে চেয়ে প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম জাগো নিউজকে বলেন, ‌‘গতকাল উপাচার্য স্যার আমাকে জানান, লিফটের বিষয়ে প্রধান প্রকৌশলীকে এক্সপার্ট হিসেবে গ্রিসে পাঠিয়ে দিয়েছি। আমি জানতে চাইলাম কবে যাবে। তিনি জবাবে বললেন, কাল অথবা পরশু। সঙ্গে কে আছে জানতে চাইলে তিনি সেটি বলেননি।’

প্রকল্প পরিচালক থাকাকালীন বিদেশ সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি উপাচার্য ভালো বলতে পারবেন। তবে আমি যতটুকু জানি নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ডিপিপিতে আছে, যে পার্টি ওয়ার্ক ওয়ার্ডার পাবে তারা চাইলে বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নিয়ে যাবেন।’

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এসএইচ জাহিদ/এসআর/এএসএম