দেশজুড়ে

গাজীপুরে কলোনিতে আগুন, পুড়লো ২০ ঘর

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ ডিভাইন কারখানার পাশে স্থানীয় এক চিকিৎসকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে হঠাৎ টিনশেড কলোনির একটি কক্ষে আগুন দেখা যায়। পরে আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। ততক্ষণে আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুনে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আমিনুল ইসলাম/এসআর