আইন-আদালত

নিম্ন আদালত পরিদর্শনে হাইকোর্টের বিচারকরা

নিম্ন আদালত পরিদর্শনে গেলেন হাইকোর্টের বিচারকরা। আজ রোববার থেকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে। চলতি অবকাশে দেশের ৩১টি জেলার জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করবেন বিচারকরা।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরিদর্শনকালে মামলা নিষ্পত্তির হার, নোটিশ জারি, মামলা পরিচালনার বিধি-বিধান সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এছাড়া মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়েছে কি না সেক্ষেত্রে নথিও পর্যালোচনা করবেন বিচারকরা। আদালতসূমহ পরিদর্শন শেষে বিচারকরা প্রতিবেদন দাখিল করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার কাছে।

প্রসঙ্গত, প্রতি তিন বছর পরপর প্রতিটি জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করে থাকেন হাইকোর্টের বিচারকরা। হাইকোর্টের রুলস অনুযায়ী নিম্ন আদালত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে এটি করা হয়ে থাকে।

এফএইচ/জেডএ