মোবাইলে পরামর্শ পাবেন কৃষক


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৬ মে ২০১৫
ফাইল ছবি

কৃষি জমির উর্বরতা সম্পর্কে ধারণা দেয়া এবং সারের যথাযথ প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদন আরো বাড়ানোর লক্ষ্যে গ্রামীণ ইন্টেল কৃষকদের জন্য মোবাইল ভিত্তিক পরামর্শ সেবা দেবে।

গ্রামীণ ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী হক মঙ্গলবার রাজধানীর মহাখালীতে গ্রামীণ ইন্টেলের প্রধান কার্যালয়ে কৃষি সেবা সার্ভিসের উদ্বোধনকালে বলেন, যে কোন চাষি কল সেন্টারে কল করতে পারেন এবং তার জমির মাটি পরীক্ষা করিয়ে মাটিতে সারের ব্যবহার সম্পর্কে সুনির্দিষ্ট পরামর্শ নিতে পারবেন।

তিনি বলেন, বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে মোবাইলে এই কৃষি সেবা পাওয়া যাবে। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদেরকে সহায়তা করার জন্য এটি একটি সুযোগ বলে আমরা মনে করি।

চাষিরা একটি নির্দিষ্ট ফোন নম্বরে কল করে এই সেবা নিতে পারবেন। কল সেন্টার কৃষককে কিছু প্রশ্ন করতে এবং প্রশ্নের ভিত্তিতে চাষির সমস্যার প্রকৃত সমাধানে পরামর্শ দেবে। বাংলাদেশ সরকারের সোইল রিচার্চ ডেভেলোপমেন্ট ইনিস্টিটিউটের গাইড লাইনের ভিত্তিতে পরামর্শ দেবে।

প্রাথমিকভাবে ভোলার চরফ্যাশন, বরিশালের উনিজপুর, রাজবাড়ির বালিয়াকান্দি এবং যশোর জেলার সদর উপজেলায় এই সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে চিফ অপারেটিং অফিসার সাজেদুল পাভেল হক এবং জেনারেল ম্যানেজার এম ফখরুল ইসলাম ও আলোচনায় অংশ নেন।

বিশ্বের প্রথম আইটি সোসিয়াল বিজনেস কোম্পানি গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস লিমিটেড (জিআইএসবিএল) এবং গ্রামীণ ট্রাস্ট ও ইন্টেল কর্পোরেশনের যৌথ উদ্যোগে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষকে সহায়তা করা বিশেষ করে দেশের চাষিদের সহায়তা করাই এর মূল লক্ষ্য।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।