কুমিল্লার তিতাসে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজনের দুই হাতের কবজি বিচ্ছিন্ন ও অপর একজনের ডান চোখ ক্ষত-বিক্ষত হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কাউরিয়ারচর গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাত ১টায় উপজেলার কাউরিয়ারচর গ্রামে বোমা তৈরির সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কাউরিয়ারচর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে সিদ্দিকুর রহমানের (২০) দুই হাতের কবজি দেহ থেকে বিচ্ছিন্ন হয়। একই গ্রামের আলী আকবরের ছেলে ইউনুস মিয়ার (১৭) ডান চোখ ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী সখিনা বেগম (৪০) এবং একই গ্রামের আলী আকবরের ছেলে মো. ডালিমকে (২৫) আটক করেছে। বিকেলে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, কলাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিমের পক্ষের লোকজন বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে দুইজন আহত হন। এ ঘটনায় থানার এসআই কমল বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কামাল উদ্দিন/এআরএ/আরআইপি