দেশজুড়ে

এবার চৌগাছায় শিক্ষার্থীদের সামনে শিক্ষককে মারপিট

নারায়ণগঞ্জের পর এবার যশোরের চৌগাছায় শিক্ষার্থীদের সামনে এক শিক্ষককে মারপিট করা হয়েছে। ঘটনার শিকার মোমিনুর রহমান চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির ছেলের নেতৃত্বে সোমবার দুপুরে শিক্ষার্থীদের সামনে তাকে মারপিট করা হয়। ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারার জন্য ব্যালট পেপার না দেয়ার জের ধরে এ ঘটনা ঘটে।শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের ভাষ্য মতে, গত শনিবার চৌগাছা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়নপুর ইউনিয়নের গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোমিনুর রহমান। এসময় ওই কেন্দ্রে নৌকার প্রার্থী ও চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন মুকুলের ছেলের নেতৃত্বে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নিজেরা প্রকাশ্যে সিল মারছিল। শিক্ষক মোমিনুর রহমানের কাছেও ব্যালট পেপার চাইলে তিনি দিতে অস্বীকার করেন। সে সময় কিছু না বলে নির্বাচনে জিতে যাওয়ার পর সোমবার দুপুর ২টার দিকে স্কুল ছুটির সময়ে স্কুলের সভাপতি ও নির্বাচিত চেয়ারম্যান মুকুলের ছেলে শাকিলসহ ৪/৫ জন স্কুলে গিয়ে মমিনুর রহমানের কাছে সে দিন ব্যালট পেপার না দেয়ার স্পর্ধা কোথায় পেয়েছেন জানতে চান। এক পর্যায়ে স্কুলের অফিসে থাকা ওই শিক্ষককে টেনে হেঁচড়ে বাইরে বের করে শ’ শ’ শিক্ষার্থীর সামনে তাকে মরপিট করে। পরে শিক্ষার্থীরা ওই শিক্ষককে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেয়। তিনি সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। শিক্ষক মোমিনুর রহমান তাকে মারপিটের কথা স্বীকার করলেও থানায় অভিযোগ দেননি। ওই স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষককে মারপিটের কথা শাকিলের বাবা স্কুলের সভাপতি ও নব-নির্বাচিত চেয়ারম্যানকে জানিয়েছি। চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বলেন, এ ঘটনায় এখন কেউ অভিযোগ দেননি।মিলন রহমান/এআরএ/এবিএস