দেশজুড়ে

শব্দ সন্ত্রাস বোমার চেয়েও ভয়ঙ্কর : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দেশের নেতারা নিজেরাই শব্দ সন্ত্রাস করেন। শব্দ সন্ত্রাসটা সন্ত্রাসের চেয়েও ভয়ঙ্কর। অতিকথন যখন শব্দ সন্ত্রাসের মতো প্রতিক্রিয়ার সৃষ্টি করে তখন কিন্তু এটা বোমার চেয়েও কম ভয়ঙ্কর নয়। কাজেই রাজনীতিবিদদের দায়িত্বশীল আচরণ করাই শ্রেয়। মন্ত্রী সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, আগামী ২ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এটা ঈদের আগে জনগণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার। তিনি আরো বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশের রাস্তাঘাটের অবস্থা এখন ভালো। ঈদ যাত্রায় মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না। তবে কিছু বেপরোয়া চালকের কারণে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। এছাড়া দুই লেন মেঘনা, গোমতী ও ২য় কাঁচপুর সেতুতে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এর আগে মন্ত্রী মহাসড়কে রিকশা গার্ডের উদ্বোধন করেন। এসময় কুমিল্লা সওজ বিভাগের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিবিব, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম আতিকুল হক, চার লেনের প্রকল্প ব্যবস্থাপক মাসুম সারোয়ার ও সওজ  কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহম্মদ সাইফ উদ্দিনসহ চার লেনের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কামাল উদ্দিন/এমএএস/এমএস