দেশজুড়ে

কুমিল্লায় ৩ মণ গাঁজাসহ গ্রেফতার ১

কুমিল্লায় ১২০ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী তেলকুপি বাজার সংলগ্ন লোহাইমুড়ি গ্রামের ব্রিজের নিকট থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে দুপুরে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল সকাল ১০টার দিকে লোহাইমুড়ি এলাকায় অভিযান চালায়। এসময় টয়োটা এলিয়ন নামের একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৭-৩৭০৮) আটক করে। প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন (২৪) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের ভুজপুর থানার হলুদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। কুমিল্লার র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার জানান, বিল্লাল হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সীমান্ত এলাকা থেকে গাঁজা, বিদেশি মদ, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য দেশের বেশ কিছু স্থানে পাচার করে ব্যবসা করে আসছিলেন।     কামাল উদ্দিন/এআরএ/এমএস