দেশজুড়ে

কুমিল্লায় নিরাপত্তা ও সতর্কতা জোরদার

রাজধানীর গুলশান-২ এর হলি আর্টিজান রেস্তোরায় দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি ও হতাহতের ঘটনার পর সারাদেশের মতো কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শনিবার ভোর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্ক রাখা হয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। জেলাজুড়ে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, পুলিশ সদর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বার্তা পেয়ে কুমিল্লা মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাস ফিল্ড, নব গঠিত বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা গ্যাস ফিল্ড এবং দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্যাস ফিল্ডে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।এছাড়াও বিদেশি নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। মুরাদনগর থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, বাখরাবাদ গ্যাস ফিল্ডে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাঙ্গরা বাজার থানা পুলিশের ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, বাঙ্গরা গ্যাস ফিল্ডে অবস্থানরত কয়েকজন বিদেশিকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুর আলম জানান, গুলশানের রেস্তোরাঁয় হামলার পর নগরীতে নিরাপত্তা জোরদারে ডিবির সদস্যরা কাজ করছেন। এদিকে গুলশানের হোটেলে ওই হামলার পর কুমিল্লা ইপিজেড এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে অবস্থানরত বিদেশিদের পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার জানান, নগরীর গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিদেশিদের কর্মস্থল ও আবাসস্থলে নিরাপত্তার বিষয়টি কঠোরভাবে র‌্যাব সদস্যরা তদারকির পাশাপাশি মোটরসাইকেলযোগে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে মুঠোফোনে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, জেলার বিভিন্ন গ্যাস ফিল্ড, ইপিজেড, ধর্মীয় উপাসনালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মো. কামাল উদ্দিন/এমএএস/এবিএস