দেশজুড়ে

কুমিল্লায় ৩১ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

কুমিল্লার মুরাদনগরে ৩১ জনের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে মদদ, অর্থায়ন ও নাশকতার প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকালে মুরাদনগর থানার এসআই বিল্লাল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। গত শুক্রবার বিকালে মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা উত্তরপাড়া দ্য এহসান একাডেমিতে বৈঠক করার সময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের উত্তরপাড়া দ্য এহসান একাডেমিতে ‘হিলফুল ফুযুল’ নামের একটি সমিতির বৈঠক চলাকালে স্থানীয় লোকজন জঙ্গি কার্যক্রমে জড়িত সন্দেহে তাদের ঘেরাও করে। এসময় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হলেও সভাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশ সোপর্দ করা হয়। আটকরা হলেন- আলগী গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে ও উপজেলার আলগী গ্রামের মৃত ছাইদুল ইসলামের ছেলে ও ঢাকার মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক আব্দুল কাহহার (২৫), একই গ্রামের হাছান মোল্লার ছেলে ও কামাল্লা মদিনাতুল উলুম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল মমিন (২২) এবং  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দি গ্রামের হারুন অর রশীদের ছেলে ও চুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের শেষ বর্ষের ছাত্র ওমর ফারুক (২৩)। মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, জঙ্গি কার্যক্রমে মদদ, অর্থায়ন ও নাশকতার প্রস্তুতির অভিযোগে এসআই বিল্লাল হোসেন বাদী হয়ে শনিবার বিকেলে আব্দুল কাহহার, ওমর ফারুক, আব্দুল মমিন, মাসুদ আলম, সানাউল্লাহ, নাছির, এহসানের অধ্যক্ষ গোলাম মোস্তফা, এনামুল হক, ফখরুল ইসলাম, মতিউর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, জঙ্গি সন্দেহে আটক তিনজন জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলায় অভিযুক্ত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।কামাল উদ্দিন/এআরএ/এমএস