দেশজুড়ে

কালীগঞ্জে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ময়নাতদন্তের মরদেহ তিনটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, পিরোজপুর কাউখালী এলাকার মো. সুমন মিয়ার স্ত্রী লিপি আক্তার (২৭), মাগুরার শালিখা উপজেলার বোনাগাতি গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে ইকবাল হোসেন (২১), অন্যজন অজ্ঞাত থাকায় নাম পরিচয় জানা সম্ভব হয়নি।    পুলিশ জানায়, দুপুরে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে পাশের একটি ডোবায় অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।অন্যদিকে, কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রাম থেকে লিপি আক্তারের ভাড়া বাসার সিলিং ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের রাহিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী সেভেন রিং সিমেন্ট কারখানার গাড়ি চালক হিসেবে কাজ করেন। এছাড়া উপজেলার নাগরী বাজারের বাংলালিংক টাওয়ারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইকবাল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি লিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেডে কাজ করতেন। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে।          আব্দুর রহমান আরমান/এআরএ/এবিএস