নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে সুমাইয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ২০ জন।সোমবার উপজেলার জোয়ারদী এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার স্থানীয় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তারস বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সোমবার সনমান্দির ফতেপুরস্থ গ্রামের বাড়ি থেকে বের হয়। পথে ২০/২৫ জন সহপাঠির সঙ্গে জোয়ারদী এলাকায় ব্রহ্মপুত্র নদ পারাপার হওয়ার সময়ে তাদের বহন করা নৌকাটি প্রচণ্ড স্রোতে ডুবে যায়। এসময় সুমাইয়া আক্তার নিখোঁজ হয় ও ১৫ জন ছাত্র-ছাত্রীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। পুলিশ ও এলাকাবাসী মাছ ধরার জাল দিয়ে দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সুমাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে।নৌকাডুবিতে আহতরা হলো, একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাহিদা আক্তার, হাসি আক্তার, দিলারা আক্তারসহ অজ্ঞাত আরো ১৫ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নাহিদা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, নৌকাডুবির খবর পেয়ে তাৎক্ষণিক পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে সকল শ্রেণির ইসলাম শিক্ষার দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়। মঙ্গলবারও পরীক্ষা গ্রহণ বন্ধ রাখার ঘোষণা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, নৌকাডুবির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। পুরো বিদ্যালয় জুড়ে এখন শোকের মাতম চলছে।শাহাদাত হোসেন/এআরএ/এবিএস