দেশজুড়ে

কনের মায়ের দণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামে ইতি আক্তার (১৪) নামে এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন করায় কনের মা রেহানা বেগমকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। কনে উপজেলার জামালপুর আরএম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার জানান, উপজেলার বাহাদুরসাদী গ্রামের কবির হোসেনের মেয়ে ইতি আক্তারের বাল্যবিবাহের আয়োজন চলছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। টের পেয়ে বরযাত্রী ও মেয়ের বাবা পালিয়ে যায়। এ সময় কনেসহ তার মা রেহানা বেগমকে ইউএনও অফিসে নিয়ে আসা হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৯২৯ ধারা (৫) এ রেহানা বেগমকে এক হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না বলে কনের মা মুচলেকা দেন। আব্দুর রহমান আরমান/এএম/এমএস