পাচারকারীদের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার দেড় বছর পর দেশে ফিরেছেন শিশু, নারী পুরুষসহ সাত বাংলাদেশি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করে। ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফিরে আনা হয়। এদের মধ্যে পাঁচজন নারী, এক শিশু ও একজন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি যশোর, গোপালগঞ্জ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দালালের খপ্পরে পড়ে দেড় বছর আগে এরা সীমান্তের অবৈধ পথে ভারতে যায়। এরপর কোলকাতা পুলিশের হাতে আটক হয়। ধরা পড়ার পর আদালত তাদের সাজা দিয়ে কারাগারে পাঠান। সেখান থেকে কোলকাতার লিলুয়া নামের এনজিও তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টারহোমে রাখে। পরে দু’দেশের স্বরাস্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় দেশে ফেরত আনা হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্রের কাজ শেষে যশোর মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হবে। পরে তারা তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করবে বলে জানান ওসি। মো. জামাল হোসেন/এএম/আরএস