দেশজুড়ে

শোক দিবসে যশোর আ.লীগের দ্বিধা-বিভক্ত কর্মসূচি

যশোরের অভয়নগর ও বাঘারপাড়ায় দ্বিধা-বিভক্ত কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। উপজেলা দুইটিতে এমপি গ্রুপ ও তাদের প্রতিপক্ষ গ্রুপ পৃথক স্থানে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, শোক র‌্যালি ও ভোজ বিতরণ করা হয়েছে।যশোরের অভয়নগর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠান আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথক তিনটি স্থানে পালন করেছেন। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুলের নেতৃত্বে একটি গ্রুপ নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে কর্মসূচি পালন করেছে।এখানে শোক কর্মসূচির আলোচনা সভায় অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, শিবু প্রসাদ সাহা, সানা আব্দুল মান্নান, মহিউদ্দিন আহম্মেদ, তবিবর রহমান তবি প্রমুখ।অপরদিকে, যশোর-৪ আসনের (অভয়নগর-বাঘারপাড়া) সংসদ সদস্য রণজিৎ রায়ের গ্রুপের আওয়ামী লীগ নেতা শাহ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে নওয়াপাড়া শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য রণজিৎ রায়, আওয়ামী লীগ নেতা রবীন অধিকারি ব্যাচা, সুশান্ত দাস শান্ত, ফারাজী নজরুল ইসলাম, বাবুল আক্তার, বিষ্ণুপদ দত্ত প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে উপজেলা মোড়ে আলোচনা সভা দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় তাপস ফারাজী সভাপতিত্বে বক্তব্য রাখেন সরদার ওলিয়ার রহমান, গোলাম হোসেন, মাজেদ মুন্সী, মিজানুর রহমান আকুঞ্জি প্রমুখ।অভয়নগরের মত বাঘারপাড়ায়ও আওয়ামী লীগের দুই গ্রুপ পৃথক স্থানে কর্মসূচি পালন করেছে। সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের গ্রুপ আলোচনা সভা ও শোক র‌্যালি করেছে বাঘারপাড়া পাইলট স্কুল মাঠে। পৌর মেয়র কামরুজ্জামান চুন্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য রণজিৎ রায়, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার, অরুণ অধিকারী, সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক রেহমান বাবু প্রমুখ।এমপির প্রতিদ্বন্দ্বি গ্রুপ শোকসভা ও দরিদ্র ভোজ বিতরণ করেছে বাঘারপাড়া মহিলা কলেজ গেটে। এখানে আওয়ামী লীগ নেতা আতিয়ার সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলাই, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, দিলু পাটোয়ারী, আবু সাঈদ সর্দার, নাজমুল ইসলাম কাজল, কামরুল ইসলাম টুটুল প্রমুখ।মিলন রহমান/এআরএ/আরআইপি