বেনাপোল পুটখালী দৌলতপুর সীমান্ত দিয়ে পাচারের সময় এক হাজার ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরের দিকে ল্যান্স নায়েক নুরুল ইসলাম ফোর্স নিয়ে দৌলতপুর আমবাগানে অভিযান চালায়। এ সময় এক হাজার ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, পাচারকারীরা বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে দৌলতপুর সীমান্তের ইছামতি নদী পার হয়ে যশোরের যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল বোঝাই ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বস্তাগুলো তল্লাশি করে সেখান থেকে এক হাজার ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল সদর থানায় জমা দেয়া হয়েছে। মো. জামাল হোসেন/এএম/এবিএস