যশোরের শার্শা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার সকালে শ্যামলাগাছি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু গোল্ডকাপে ৪-৩ গোলে শ্যামলাগাছি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় কাশিপুরের পারভেজ হোসেন। ম্যান অব দ্য সিরিজ হয় শ্যামলাগাছির বায়জিদ হোসেন এবং সেরা গোলকিপার নির্বাচিত হয় রাজু।অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে ট্রাইব্রেকারে ৩-২ গোলে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।এতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামিমা আক্তার চায়না, ম্যান অব দ্য সিরিজ হয় সিমলা খাতুন এবং সেরা গোলকিপার নির্বাচিত হয় বাঘাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের খাদিজা খাতুন।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, সহকারি শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।মো. জামাল হোসেন/বিএ