দেশজুড়ে

শ্রমিক নিহতের গুজবে সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার গুজবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে।শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপরদী এলাকায় চৈতী কম্পোজিট লিমিটেডের সামনে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ভাঙচুর করা হয়। প্রায় তিনি ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।  জানা যায়, শুক্রবার বিকেলে কাজ শেষে টিপরদী এলাকায় মহাসড়ক পারাপারের সময় চৈতী গার্মেন্টসের প্রিন্ট সেকশনের শ্রমিক কল্পনা রানীকে(২৩) একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্রমিক কল্পনা রানী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কামালপুর গ্রামের অভিষেক ব্যানার্জির মেয়ে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে কল্পনা রানীর মৃত্যু হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে গার্মেন্টসের ৫-৬ হাজার শ্রমিক মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ তাদের আন্দেলনে বাধা দিলে ক্ষুব্ধ শ্রমিকরা ৭-৮টি গাড়িতে ভাঙচুর চালায়। চৈতী কম্পোজিট কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানা যায়, আহত শ্রমিক মারা গেছে এমন গুজবে ওই গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না করে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে তারা। সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাঁচপুর হাইওয়ে থানা ও সোনারগাঁও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের বিভিন্ন আশ্বাসের পরও অবরোধ তুলে না নিলে চৈতী কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিরাপদ যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা বাড়ানো ও চৈতী কম্পোজিটের সামনে মহাসড়কের উপর ফুটওভার ব্রিজ তৈরির আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, মালিক পক্ষের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়ার পর  হাইওয়ে ও থানা পুলিশের চেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। শ্রমিক নিহতের গুজবে শ্রমিকরা সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর করেছে। যদিও ওই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সুস্থ আছে।    মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি