দেশজুড়ে

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে মাদকাসক্ত হামিদুল্লাহ নামের দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনসার বেগম (৫০) এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনার পর হামিদুল্লাহ পলাতক রয়েছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত আনসার বেগম ভারুয়াখালী ইউনিয়নের মশারপাড়া গ্রামের মৃত সব্বির আহমদের স্ত্রী।  প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়নের চৌচুলামুরা গ্রামের হাফিজুর রহমানের ছেলে হামিদুল্লাহ (৩২) স্থানীয় বানিয়াপাড়া মৎস্য প্রজেক্টের বাসায় মাদক সেবন করে। তার সঙ্গে সহযোগীরাও থাকে। শুক্রবার রাতে তারা মাদক সেবনে গেলে প্রজেক্টের দারোয়ান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হামিদুল্লাহ দারোয়ানকে মারধর করে এবং মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি ভারুয়াখালী ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তাকে ধরতে চৌকিদার পাঠানো হয়। এ সময় হামিদুল্লাহ টাকার জন্য ধারালো ছুরি নিয়ে এক ট্র্যাক্টরচালকে দৌঁড়াচ্ছিলেন। এটি দেখে আনসার বেগম হামিদুল্লাহকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হামিদুল্লাহ তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।   স্থানীয়রা আনসার বেগমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামিদুল্লাহ মাদকাসক্ত।   তার বিরুদ্ধে অনেক চুরি, ছিনতাই, ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার কারণে এলাকার লোকজন অতিষ্ট। কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিকেলে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সায়ীদ আলমগীর/এএম/আরআইপি