দেশজুড়ে

না.গঞ্জে ৭ খুন : তারেক সাঈদের পক্ষে জেরা শুরু

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুইটি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার দ্বিতীয় দিনে চাকরিচ্যুত র‌্যাব কর্মকর্তা আরিফ হোসেনের পক্ষে জেরা সম্পন্ন করেছেন তার আইনজীবী। এদিন শুরু হয়েছে অপর চাকরিচ্যুত র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদের পক্ষে জেরা। তবে এদিন আসামি, বাদী ও সরকার পক্ষের আইনজীবীদের মধ্যে পূর্বের মতো কোনো বচসা কিংবা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না হলেও আসামিপক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে নানা বিষয়ে জেরা করেন। জেরা শেষে আদালত আগামী ২৯ সেপ্টেম্বর আবারো পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। শনিবার ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা হতে বেলা দেড়টা পর্যন্ত ও বিরতির পর বিকেল পৌনে ৩টা হতে পৌনে ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাত খুনের দুটি মামলায় গ্রেফতারকৃত নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামির উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডলকে জেরা করা হয়। এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রথমবারের মত জেরা শুরু হয়। সকালে আরিফ হোসেনের পক্ষে অসমাপ্ত জেরা শুরু করেন তার আইনজীবী এম এ রশিদ ভূইয়া। দুপুর ১২টার পর শুরু হয় তারেক সাঈদের পক্ষে জেরা। শুরু করেন সাবেক পিপি অ্যাড. সুলতানউজ্জামান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে পিপি ওয়াজেদ আলী খোকন, বাদীপক্ষে সাখাওয়াত হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। মামুনুর রশিদ মন্ডল বর্তমানে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক হিসেবে রয়েছেন, যিনি সাত খুনের মামলার চার্জশিট আদালতে জমা দেওয়ার সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন। পিপি ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরার দ্বিতীয় দিনে অবসরে পাঠানো চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা আরিফ হোসেনের দুপুর পর্যন্ত জেরা শেষ হয়। আর দুপুর হতে বিকেল পর্যন্ত চাকরিচ্যুত র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদের পক্ষে জেরা হয়। জেরা শেষে আদালত আগামী ২৯ সেপ্টেম্বর আবারো পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। জানা গেছে, সাত খুনের ঘটনায় দুইটি মামলা হয়। একটি মামলার বাদী নিহত আইনজী চন্দন সরকারের মেয়ে জামাতা বিজয় কুমার পাল ও অপর বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী হলো ১২৭ জন করে। এখন পর্যন্ত সাত খুনের দুটি মামলায় অভিন্ন ১২৭ সাক্ষীর মধ্যে ১০৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন শেষে জেরা শুরু হয়েছে। শাহাদাত হোসেন/এআরএ/এমএস