দেশজুড়ে

ভুয়া এএসপি মাকসুদুর রহমান গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের এক কর্মকর্তার কাছে নিজেকে এএসপি পরিচয় দিয়ে ফায়দা লোটার চেষ্টাকালে মাকসুদুর রহমান (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিজেকে এএসপি পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের কাছ থেকে বিভিন্নভাবে ফায়দা লুটে আসছিলেন।গ্রেফতার মাকসুদুর রহমান চাঁদপুর পুরানবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া কলেজ রোড এলাকায় বসবাস করেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই ফায়জুর রহমান বাদী হয়ে ভুয়া এএসপি মাকসুদুর রহমানের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, দুপুরে নারায়ণগঞ্জ পুলিশের হেডকোয়াটারের এএসপি ডেল্টা-১ লিমন রায়কে (ব্রেভো) মাসদাইরের নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে বের হওয়ার পর মাকসুদুর রহমান নিজেকে এএসপি পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। এসময় মাকসুদুর রহমানের কথাবর্তা সন্দেহে হলে এএসপি ডেল্টা-১ লিমন রায় স্যার তার বিষয় নানাভাবে প্রশ্ন করে যাচাই-বাছাই করে ভুয়া হিসেবে মনে হয়। পরে স্যার ফতুল্লা মডেল থানা পুলিশকে অবগত করে তাকে গ্রেফতারের নির্দেশ দেন। তিনি আরো জানান, মাকসুদ মূলত জমির দালাল। তিনি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। নিজেকে এএসপি পরিচয়ে পুলিশ অফিসারসহ ফতুল্লার বিভিন্ন এলাকার লোকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি জমির দালালি করেন, মানুষকে জিম্মি করে ফায়দা লোটেন। তাকে রিমান্ডে এনে তার সঙ্গে অন্য প্রতারকদের তথ্য বের করে গ্রেফতার করা সম্ভব হবে।শাহাদাত হোসেন/এআরএ/পিআর