দেশজুড়ে

বাবার পরকীয়ায় প্রাণ গেল শিশুর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাবার পরকীয়ার জেরে প্রাণ দিতে হলো নূসরাত জাহান নূরী নামের ১৪ মাসের শিশুকে। বুধবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের পিছকামতাল এলাকায় শিশুটিকে বাবা নাজমুল মিয়া গলাটিপে হত্যা করে বলে অভিযোগ করেছে তার মা। ঘটনার পর থেকে নাজমুল মিয়া ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছে। সে উপজেলার মুছাপুর ইউপির পিছকামতাল গ্রামের শাহজালাল মিয়ার ছেলে।নাজমুল মিয়ার স্ত্রী মুসলিমা আক্তার জানান, ৮ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের নূরতাজ নামের ৫ বছরের ছেলে ও নূসরাত জাহান নূরী নামে ১৪ মাসের মেয়ে রয়েছে। গত কয়েকদিন ধরেই নাজমুল পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। সম্প্রতি সে তার প্রেমিকাকে গোপনে বিয়ে করে রূপগঞ্জ বরপা এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করতো। এসব নিয়ে মঙ্গলবার রাতভর স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বুধবার ভোরে নাজমুল ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করে ঘুমন্ত শিশু নুরসাত জাহান নুরীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এসময় মুসলিমার চিৎকারে পাশের বাড়ির লোকজন ও তার মা বাড়ি থেকে ছুটে এসে ঘাতককে ধরার চেষ্টা করলে নাজমুল মুসলিমার মাকেও মারধর করে ও হাত ভেঙে রাস্তায় ফেলে পালিয়ে যায়।এ ব্যাপারে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর মা মুসলিমা বাদী হয়ে মামলা করেছে। ঘটনার পর থেকে শিশুর বাবা ও দাদা-দাদিসহ বাড়ির সবাই পালাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।শাহাদাত হোসেন/এফএ/এমএস