নারায়ণগঞ্জে ডিবি পুলিশের সঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গোলাগুলিতে এসআই গুলিবিদ্ধের ঘটনায় জেলার শীর্ষ ডাকাত সরদার দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলুর তিন সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার সকালে ফতুল্লার পশ্চিম তল্লা ও ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মনির হোসেন রাজু, অপু ও রহিম বাদশা। দুপুরে তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, গত ৩০ সেপ্টেম্বর ভোরে খানপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ শীর্ষ ডাকাত সরদার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলুর স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করা হয়। এসআই মফিজুল ইসলাম বলেন, বিল্লাল নামের এক সহযোগী ডিবিকে অভিযানের তথ্য ফাঁস করেছে- এমন অভিযোগে খানপুর সরদাপাড়ায় শনিবার ভোর ৬টার দিকে হামলা করে দেলু ও তার লোকজন। তখন ডিবির পাঁচজন উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়ে দেলু বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশও ১২ রাউন্ড গুলি ছুড়ে। দু’পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে দেলু ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় ডিবির এক এসআই গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় মাস্টার দেলুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ডিবি পুলিম। মামলায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। শাহাদাত হোসেন/এএম/এমএস