নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা ৮ মামলায় সাক্ষ্যগ্রহণের শুনানি ধার্য তারিখ থাকলেও সাক্ষীরা উপস্থিত না থাকায় তা পিছিয়েছে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ কামরুন নাহার আগামী বছরের ২২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করে নূর হোসেনকে কারাগারে পাঠান। নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজি আইনে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ৮টি মামলায় কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নূর হোসেনের বিরুদ্ধে ৮টি মামলার মধ্যে একটি মাদক মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক শওকত হোসেন ও একটি চাঁদাবাজি মামলার বাদী সাইদুল ইসলাম পূর্বের ধার্য তারিখে সাক্ষ্য দিয়েছেন। অপর ৬টি মামলায় কোন সাক্ষী আদালতে হাজির হননি।এরপর ৮টি মামলায় সাক্ষীদের সমন জারি করা হলেও বুধবার ধার্য তারিখে সাক্ষীরা আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তা হয়নি। সাক্ষীদের হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য আগামী বছরের ২২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এজন্য আদালত প্রত্যেক মামলায় সাক্ষীদের প্রতি পুনরায় সমন জারির নির্দেশ দিয়েছেন। মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস