দেশজুড়ে

নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যের ২০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ বন্দরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্র্যাইবুনালের বিচারক কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দরের ফরাজিকান্দা এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২০) ও মো. হোসেনের ছেলে মাহাবুব (২২)।  নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ ও সালাউদ্দিন সুইট মামলার বরাত দিয়ে জানান, ২০০৭ সালের ৭ জানুয়ারি টাঙ্গাইল থেকে সাইফুল ইসলামকে বিস্ফোরকসহ গ্রেফতার করে র‌্যাবের একটি টিম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই দিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর এলাকা হতে মাহাবুবকে গ্রেফতার করা হয়। মাহাবুবের কাছ থেকে উদ্ধার করা হয় ডেটোনেটর, ২২টি লোহার হ্যান্ড গ্রেনেড, জিহাদি বইসহ বিস্ফোরক সরঞ্জামাদি। সে সময় র‌্যাবের ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বন্দর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন।শাহাদাত হোসেন/এসএস/এবিএস