দেশজুড়ে

স্কুল ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দি নিউ অক্সফোর্ড কিন্ডার গার্টেন অ্যান্ড স্কুল ভবন নির্মাণে এক চাঁদাবাজ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ওই স্কুলের পরিচালককে লাঠিপেটা করে আহত করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঐরাবো এলাকায় এ ঘটনা ঘটে। দি নিউ অক্সফোর্ড কিন্ডার গার্টেন অ্যান্ড স্কুলের পরিচালক ইকবাল হোসেন জানান, ঐরাবো এলাকায় ওই স্কুল দীর্ঘদিন ধরে তিনি পরিচালনা করে আসছেন। গত এক বছর আগেই স্কুলের একটি ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই ঐরাবো এলাকার শামসুল হকের ছেলে শাহজাহান মিয়া ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দিলে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেবে বলেও হুমকি দিয়ে আসছে। বৃহস্পতিবার দুপুরে শাহজাহান মিয়াসহ তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্কুলে প্রবেশ করে পূর্বের দাবিকৃত চাঁদার ৫ লাখ টাকা দাবি করেন। এ সময় চাঁদার টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা ইকবাল হোসেনকে লাঠিপেটা করে আহত করে। এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। মীর আব্দুল আলীম/এএম/পিআর