দেশজুড়ে

গাজীপুরে তিতাসের চার হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর সিটি কর্পোরেশনের মীরের বাজার এলাকায় কয়েকটি মহল্লায় অভিযান চালিয়ে অন্তত ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত সিটি কপোরেশনের মীরের বাজার, হারবাইদ, কামারগাঁও, নন্দিবাড়ি, তালটিয়া ও বসুগাঁও এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমিন উপস্থিত ছিলেন।  জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযানে অংশ নেন টঙ্গী গ্যাস অফিসের ম্যানেজার অজিদ চন্দ্র দেব ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।  অজিদ চন্দ্র দেব জানান, অভিযানে অবৈধভাবে সংযোগ নেয়া তিন ইঞ্চি ব্যাসার্ধের কয়েক কিালোমিটারসহ ওই এলাকায় গড়ে প্রায় ১৫-১৬ কিলোমিটার এলাকার আনুমানিক চার হাজার বাড়ি ঘরের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুবছর আগে স্থানীয় একটি প্রভাবশালী চক্র অবৈধ সংযোগ বৈধ করে দেয়ার প্রতিশ্রুতিতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তালটিয়া বাসস্ট্যান্ড থেকে রাতের আধারে ওসব এলাকার বাসা-বাড়িতে অবৈধ সংযোগ দেয়। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে আসলে ২০১৪ সালের জানুয়ারিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন বেনার্জির নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গেলে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালায়। ওই ঘটনার প্রায় দুবছর পর তিতাস কর্তৃপক্ষ বিপুল সংখ্যক জেলা পুলিশ ও আর্ম ব্যাটালিয়ন নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন। মো. আমিনুল ইসলাম/এএম/পিআর