সোনালী ব্যাংকের কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জের একটি গার্মেন্টস মালিকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক শেখ আব্দুস ছালাম। পরস্পর যোগসাজশের মাধ্যমে ৩ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৮৮৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এ মামলায়। মামলায় আসামি করা হয়েছে সিদ্ধিরগঞ্জের জালকুড়িস্থ জাগরণী টেক্সটাইল মিলের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিয়াজী, জাগরনী টেক্সটাইল মিলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান, ঢাকার সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, ঢাকার সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সাবেক মহা-ব্যবস্থাপক এম এ বাতেন খান (বর্তমানে অবসরপ্রাপ্ত), ঢাকার সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সাবেক ডিপুটি জেনারেল ম্যানেজার হোসনে আরা বেগম, ঢাকার সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সাবেক অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার এম সরোয়ার হোসেন, ঢাকার সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সাবেক সহকারী মহা-ব্যবস্থাপক এটিএম মিজানুর রহমান, ঢাকার সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. কামাল হোসেন, ঢাকার সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিনকে। মামলায় উল্লেখ করা হয়, ব্যাক টু ব্যাক এলসি খোলার পূর্বে প্রতিষ্ঠানটি চালু রয়েছে কিনা তা যাচাই না করে বন্ধ প্রতিষ্ঠানের অনুকুলে এলসি অনুমোদন দেয়া হয়। এতে করে ডিমান্ড লোনের অর্থ সোনালী ব্যাংক লিমিটেডের ঢাকাস্থ স্থানীয় কার্যালয়ের মাধ্যমে হেড ডেবিট করে ২ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৮৮৬ টাকা আত্মসাত করেন তারা। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) সরাফত উল্লাহ জানায়, প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন দুদকের উপ-পরিচালক।হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি