দেশজুড়ে

যশোরে মাছ বিক্রেতাকে গুলি করে হত্যা

যশোরে সুমন হোসেন (২৫) নামে এক মাছ বিক্রেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার টগরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন শহরের খালধার রোডের আলিয়া মাদরাসা এলাকার বাসিন্দা।নিহতের বন্ধু প্রত্যক্ষদর্শী সবুজ হোসেন জানান, সুমন হোসেন সেখানে চা পান করছিল। দুটি মোটরসাইকেলযোগে পলাশ, লিটন, রাব্বী, নাহিদ এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান লর্ড তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যশোর আসেন। নেতাদের অভিনন্দন জানাতে মিছিলসহকারে সার্কিট হাউজে যাওয়ার জন্য সুমন হোসেনকে আহ্বান করেছিল স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপ। কিন্তু সুমন রাজি না হওয়ায় ক্ষিপ্ত ছিল ওই পক্ষটি। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোন যোগসূত্র আছে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের আটক করলেই প্রকৃত রহস্য জানা যাবে।মিলন রহমান/এএম