যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানির অভিযোগে দুই ভারতীয় পাসপোর্টধারী নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।রোববার আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে পাঠানো হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার রাতে বিজিবি সদস্যরা তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। এর আগে বিকেলে তাদের বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে আটক করা হয়। আটকরা হলেন, কলকাতার ইকবালপুর থানার ৩/ই মোমিনপুর রোডের আহম্মেদ হোসেনের ছেলে শফিক হোসেন (৩০) ও আনোয়ার হোসেন (৩৫)।বিজিবি জানায়, শুক্রবার ভোরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে কাগজপত্র ও মালিকবিহীন অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের সুন্দরি কাঠসহ বিভিন্ন প্রকারের চোরাই পণ্য জব্দ করা হয়। বিজিবি সদস্যরা পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারে ওই পণ্যের মালিক দুই ভারতীয় নাগরিক। পরে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের আটক করে পুলিশে দেয়া হয়।এসআই আশরাফ আরো জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। মো. জামাল হোসেন/এএম