দেশজুড়ে

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ইউনুস আলী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে যশোর সদর উপজেলার পাচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত ইউনুস আলী কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি বোমা, বিস্ফোরিত বোমার আলামত, দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে।যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানান, মঙ্গলবার ভোররাতে যশোর-মাগুরা মহাসড়কের যশোরের পাঁচবাড়িয়া এলাকায় একদল ডাকাত রাস্তার গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা কয়েকটি বোমা বিস্ফোরণ ও গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছোঁড়লে  ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।এ সময় ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত হাতবোমা, বিস্ফোরিত বোমার আলামত, রামদা, ২টি শাবল, ১টি কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  পুলিশ নিহত ডাকাত ইউনুসের পরিচয় নিশ্চিত হয়। তার বিরুদ্ধে ১১টি হত্যা, ২০টি ডাকাতি ও ৮টি অস্ত্র মামলাসহ ৪১টি মামল রয়েছে। একটি মামলায় সে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত বলেও জানিয়েছেন এএসপি রেশমা শারমিন। এসএইচএ/পিআর