বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী দীর্ঘদিন পর নতুন গানে ফিরছেন। তবে এবার কণ্ঠশিল্পী হিসেবে নয়, সুরকার হিসেবে। তার সুরে প্রথমবারের মতো মৌলিক গান গাইছেন সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ। গানের শিরোনাম ‘কতদিন হয়নি দেখা’।
গানটির কথা লিখেছেন তপন চৌধুরী ও গীতিকার কবির বকুল। সংগীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা। আগামীকাল গানটিতে কণ্ঠ দেবেন প্রিয়াঙ্কা। পুরো কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশের তারিখ জানানো হবে।
রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও উচ্চাঙ্গসংগীতে সুপরিচিত প্রিয়াঙ্কা গোপের এটি প্রথম মৌলিক গান। তিনি পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সংগীতে তালিম নিয়েছেন পণ্ডিত অরুণ ভাদুড়ী, আনন্দ চক্রবর্তী, অসিত রায়, ওয়াহিদুল হক, সুবীর নন্দী ও শুভ্রা গুহর মতো গুণীজনের কাছে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান।
২০১৫ সালে ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় প্লেব্যাক করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন প্রিয়াঙ্কা। উচ্চাঙ্গ, রবীন্দ্র ও নজরুলসংগীত নিয়ে একাধিক অ্যালবাম প্রকাশ করলেও এবারই প্রথম তিনি মৌলিক গানে কণ্ঠ দিচ্ছেন।আরও পড়ুনবিখ্যাত ‘বিটলস’ ব্যান্ডের বায়োপিকে ফারহানশাহরুখকে নিজের চেয়েও বড় তারকা বললেন ‘গেম অব থ্রোনস’ তারকা
‘কতদিন হয়নি দেখা, কতদিন দেখি না তোমায়, শুধু একটু চোখের দেখা দেখব বলে, অন্তর যায় ভেঙে, যায় পুড়ে যায়’, - এমন আবেগঘন কথায় সাজানো হয়েছে গানটি।
গীতিকার কবির বকুল জানান, বহু বছর আগে গানটির মুখ লিখেছিলেন তপন চৌধুরী। পরে পুরো গানটি তিনি সম্পন্ন করেন। একসময় একটি টিভি অনুষ্ঠানে তপন চৌধুরী গানটি পরিবেশনও করেছিলেন। নতুন করে কথা ও সুরে কিছু পরিমার্জন করে এবার গানটি প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
মোবাইল ফোনে কানাডা থেকে তপন চৌধুরী জানান, গানটি প্রথমে তিনি তার মাকে স্মরণ করে লিখেছিলেন। মায়ের মুখ না দেখতে পাওয়ার বেদনা থেকেই জন্ম নেয় এর প্রথম পঙ্ক্তি। পরে সেটি ভালোবাসার গানে রূপ নেয়। তার ভাষায়, ‘গানের কথা ও সুর আমার খুব প্রিয়। প্রিয়াঙ্কার কণ্ঠ খুব প্রস্তুত ও মধুর। ও গাইলে গানটি যথাযথ মর্যাদা পাবে।’
প্রিয়াঙ্কা গোপ বলেন, ছোটবেলা থেকে তপন চৌধুরীর গান শুনে বড় হয়েছেন তিনি। বিশেষ করে তার ‘অনুশোচনা’ অ্যালবামের গানগুলো তার খুব প্রিয়। প্রিয় শিল্পীর সুরে নিজের প্রথম মৌলিক গান গাইতে পারাকে তিনি জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমি মন দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করব, যেন দাদার প্রত্যাশা পূরণ করতে পারি।’
উল্লেখ্য, ‘আমি কী বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি’ ও ‘তুমি কেমনে এত নিঠুর হইলা’ তপন চৌধুরীর লেখা ও সুর করা গান। যা শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করলেও নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।
এলআইএ