সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নারী নিয়ে অশালীন মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। এ নিয়ে উন্নয়ন সমন্বয় সভায় ক্ষমা চেয়ছেন তিনি। বুধবার বিকেলে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তিনি উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের তোপের মুখে পড়েন। পরে উপস্থিত সভায় ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে নিজের ফেসবুক ওয়ালের স্ট্যাটাসে নারী নিয়ে অশালীন মন্তব্য করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস। তার ওই স্ট্যাটাসের মন্তব্যে স্থানীয়ভাবে নিন্দার ঝড় উঠে।এছাড়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য সচিব ও ইউএনও বরাবর ডাকযোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়। যাতে ওই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। এ নিয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদেরকেও তোপের মুখে পড়তে হয়। বুধবার বিকেলে উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এ নিয়ে আলোচনা হয়। এতে ইউপি চেয়ারম্যানরা বিষয়টি উত্থাপন করলে সবার সম্মতিক্রমে ওই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উঠে।পরে উপস্থিত সবার কাছে নিঃশর্তে ক্ষমা চান এবং ওই ফেসবুক স্ট্যাটাস মুছে দেয়া ও এর পরিবর্তে আরেকটি স্ট্যাটাস দেবেন বলে অঙ্গীকার করেন তিনি।কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেসবুুক যে স্ট্যাটাস দিয়েছেন তা হলো;‘আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে, আমার পরিচিত একজন লোক আছে যে কিনা মানুষের পর্দা নিয়ে কথা বলে, ঘোমটা নিয়ে কথা বলে। আজও সেই লোক তার ক্লাস সিক্স পর্যন্ত পড়া বউকে (মানুষের কাছে বলে বেড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা) নিয়ে একটি গ্রুপ ছবি ফেসবুকে আপলোড করেছে। তাতে দেখা যাচ্ছে অতি হস্তিকায় আকৃতি সালোয়ার কামিজ পরা বউয়ের ওড়নার জায়গায় ওড়না নেই, চিড়িয়াখানার জন্তুর মতো ‘show’ করাচ্ছে। এর চেয়ে বেশি আর বর্ণনা দিতে পারছি না।’তিনি আরও লিখেন, ‘আমি মানুষকে নিন্দা করতে শিখিনি। আমার মূল বক্তব্য হল, যাদের নিজেদের ভেতরটা ফাঁকা তাদের নিজেদের দিকে খেয়াল রাখা উচিত। তার পরে সমাজের কথা ভাবা উচিত। আর আপনি যদি মনে করেন নিজের বউকে বাজে (Appearance -এ show) করিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করবেন। তাহলে লোক সমাজে সভ্য মহলে না করাই ভালো। তাতে পরিবেশ নষ্ট হয়। তার জন্য উপযুক্ত জায়গা খুঁজে নেন।’ আব্দুর রহমান আরমান/এএম/এমএস