গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা খরতৈল এমরদেহার ভিয়েলা টেক্স লিমিটেড নামক পোশাক কারখানার ইটিপি প্ল্যান্ট থেকে কারখানার ইটিপি অপারেটরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সাইফুল ইসলাম (৩২) নামে ওই ইটিপি অপারেটরের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ১০ বছর ধরে কারখানাটি ইটিপি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। নিহতের পরিবারের দাবি, সাইফুল কারখানায় ডিউটিতে আসার পর তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের স্ত্রী ইসমত আরা জানান, রোববার রাত ১০টার দিকে তার স্বামী কারখানায় ডিউটিতে আসার জন্য বাসা থেকে বের হন। ডিউটি শেষে সকাল সাড়ে ৬টায় ছুটি হলে তার বাসায় ফেরার কথা। কিন্তু দুদিন ধরে তিনি বাসায় না ফেরায় বার বার কারখানায় যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষ তার স্বামীর কোনো সন্ধান দিতে পারেনি। পরে মঙ্গলবার টঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিহত সাইফুল ইসলাম স্ত্রী, দুই সন্তানসহ তার পরিবার নিয়ে টঙ্গীর খরতৈল বসবাস করে ওই কারখানায় চাকরি করতেন।বুধবার বিকেলে ভিয়েলা টেক্স কারখানার শ্রমিকরা তাদের ইটিপি প্ল্যান্টে একটি মরদেহ ভাসতে দেখে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে নিহতের স্বজন ও তার সহকর্মীরা সাইফুল ইসলামের মরদেহ সনাক্ত করে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এ ব্যাপারে টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের গলায় মাফলার পেঁচানো ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি