গাজীপুরে যাত্রীবাহী লেগুনা উল্টে অজ্ঞাতনামা এক নারী (৪৫) পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনার আট যাত্রী। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সদর উপজেলার হোতাপাড়া এলাকার সোবাহানের ছেলে জাকির (২৫), সালনা এলাকার সাহেব আলীর স্ত্রী হাসিনা বেগম (২৫), ভবানীপুর এলাকার করিম বখদারের ছেলে বিল্লাল হোসেন (৩৫) ও মাসুদ (৩০)। বাকিদের নাম পাওয়া যায়নি। আহত যাত্রী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তাগামী একটি লেগুনা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা কনকর্ট গার্মেন্টসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীকে চাপা দেয়। এসময় লেগুনাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং লেগুনার আট যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।এসএইচএ/এমএস