কক্সবাজারের রামুতে শ্বাসরোধে একজন ও টেকনাফে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। বুধবার পৃথক সময়ে এ হত্যার ঘটনা ঘটেছে। রামুতে শ্বাসরোধে হত্যার শিকার ব্যক্তির নাম নজু মিয়া (৫০)। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি পূর্বপাড়ার মৃত আবু শামার ছেলে। বুধবার সকালে রামু থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের স্ত্রী দিলোয়ারা বেগম ও ছেলে মহি উদ্দিন জানান, নজু মিয়া তাদের এলাকার জমিদার শাহ আলম চৌধুরীর জমিতে পানি সেচের জন্য বসানো সরঞ্জাম পাহারা দিতেন। এজন্য ধানি জমি সংলগ্ন সেচযন্ত্রের পাশে একটি প্লাস্টিকের ছাউনি দেয়া ঘরে রাত কাটাতেন তিনি। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ওই ঘরে ঘুমান নজু মিয়া। সেখানে রাতের কোনো এক সময় তাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সকালে রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনাস্থলে যান। রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, নজু মিয়ার গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জিহ্বা বের হয়ে ছিল। হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ সুলতান আহাম্মদ ওরফে চামড়া বাদশা (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার মৃত অসিউর রহমানের ছেলে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নং ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, বুধবার ভোরে ইয়াবা ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একজনকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, নিহত চামড়া বাদশা চিহ্নিত একজন ইয়াবা ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। নিহতের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি। সায়ীদ আলমগীর/আরএআর/এমএস