গাইবান্ধার সুন্দরগঞ্জের তিন স্কুলছাত্র নিখোঁজের চারদিন পর কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা উখিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম আনোয়ারুল ইসলাম (৩০)। তিনি পালংখালী ইউনিয়নের বালুখালী পশ্চিম পাড়া এলাকার বদিউর রহমানের ছেলে। স্থানীয় এলাকাবাসীর দাবি, মূলত ইয়াবা লেনদেনের জের ধরে তিন স্কুল শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছিল। মাঝেমধ্যে এখানে অপরিচিত লোকজনের যাতায়াত রয়েছে। উদ্ধার হওয়া ছাত্ররা হলাে, সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের শহীদুল ইসলামের ছেলে শীমুল হোসেন (১৩), আব্দুল মাজেদের ছেলে মো. শামীম (১৫) ও দেউভোগ গ্রামের নুরুল হকের ছেলের অন্তর ইসলাম (১৪)। তারা স্থানীয় হাজী এলাহী উচ্চ বিদ্যালযের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী। তারা গত তিন ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরীকানি বাজারে বই কিনতে গিয়ে অপহৃত হন। পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী স্কুলছাত্র উদ্ধারের সত্যতা স্বীকার করেন। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার শিক্ষার্থীরা উখিয়া থানা হেফাজতে রয়েছে। তবে তারা অপহৃত হয়েছিল বলে থানায় অভিযোগ দিয়েছেন নিখোঁজ এক ছেলের অভিভাবক। এর উপর ভিত্তি করে এজাহারনামীয় আনোয়ারুল ইসলামকে আটক করা হয়েছে।সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি