দেশজুড়ে

না.গঞ্জে ভাষাসৈনিকদের তালিকা প্রণয়নের তাগিদ

নারায়ণগঞ্জে ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের তাগিদ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষাসৈনিক মরহুম আক্কাস আলী স্মরণে এক আলোচনা সভায় বক্তারা এ তাগিদ দেন। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘যে জাতি ত্যাগী ও গুণীজনদের সম্মান দিতে জানে না, সে জাতি কখনই উন্নতি করতে পারে না। বড়ই দুঃখের বিষয় এই ভাষার মাস ব্যতীত প্রায় সারা বছরই ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা ও শহীদ মিনার বেদির পবিত্রতায় আমরা বরাবরই উদাসীন। আমিসহ নারায়ণগঞ্জের সমাজপতি, প্রতিষ্ঠিত ব্যক্তি যে আমরা এখন পর্যন্ত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট তালিকা তৈরি করতে পারিনি।  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালার কেমন স্বাধীনতা। তৎকালীন বিএনপি ক্ষমতাধীন আমলে যখন বিরোধী দলীয় নেতারা আন্দোলন সংগ্রাম সভা করতো তখন আমরা তাদের সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে কথা বলতাম। কখনোই তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে তাদের মিটিং মিছিলে বাধা দেইনি। কিন্তু আজ আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে আমাদের প্রতিটি শান্তিপূর্ণ মিটিং মিছিলে বাধা প্রদান হচ্ছে।  নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম বলেন, জেলা প্রশাসনের প্রতি আমার আহ্বান আমাদের ইতিহাস ও জাতীয় চেতনা রক্ষার স্বার্থে অচিরেই নারায়ণগঞ্জের সকল ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের সুনির্দিষ্ট তালিকা করা হউক।  আমরা নারায়ণগঞ্জবাসী সভাপতি নুরুদ্দিন আহম্মেদ বলেন, নারায়ণগঞ্জের ভাষা সৈনিকদের তালিকা প্রণয়ন করে প্রতি বছরই তাদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল ও স্মরণ সভা আয়োজন করা দরকার।  আক্কাস আলী স্মৃতি সংসদের আহ্বায়ক মোসারফ হোসেন মাখনের সভাপতিত্ব ও কার্যকরী সদস্য মাকিদ মোস্তাকিম শিপলুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি কুতুবউদ্দীন আকছির, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু প্রমুখ। শাহাদাত হোসেন/এআরএ/জেআইএম