নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আক্তার হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে অচেতন করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছিনতাইকারীদের বিরুদ্ধে। ব্যবসায়ীর সঙ্গে ছিনতাইকারীদের আগে থেকেই বিরোধ ছিল বলে অভিযোগ রয়েছে।আহত ব্যবসায়ী আক্তার হোসেন ঢাকার ডেমরা থানার ডগাইর এলাকার দুদু মিয়ার ছেলে। রোববার রাত ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায়।আহত আক্তার হোসেন জানান, তিনি ডেমরার ডগাইর এলাকায় অটোরিকশার ব্যবসা করেন। অটোরিকশার ব্যবসা ছেড়ে দিয়ে সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নেন। রোববার রাতে তার শ্বশুরবাড়ি আড়াইহাজার উপজেলা থেকে ৫০ হাজার টাকা নিয়ে বাসযোগে সাইনবোর্ড এসে নামেন। এ সময় স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আল আমিন ও তার সহযোগী রগ কাটা মাসুদ, জনি ঢালী, ফারুকসহ প্রায় ৮ থেকে ১০ জন তাকে ধরে নিয়ে সাইনবোর্ড শ্রমিক ইউনিয়ন ৪৯৪-এর অফিসের সামনে আসে। সেখানে নিয়ে গজারীর লাঠি দিয়ে পিটিয়ে অচেতন করে পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে সড়কের পাশে তাকে ফেলে রেখে চলে যায়। তিনি আরও জানান, ছিনতাইকারীদের মধ্যে আল আমিন লিঙ্করোডে যাত্রীবাহী বাসে স্বর্ণব্যবসায়ী নুরুল হককে গুলি করে হত্যার পর টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি।এদিকে এলাকাবাসী জানান, ব্যবসায়ী আক্তারের সঙ্গে আলামিনের আগে থেকেই বিরোধ ছিল। সেই সূত্র ধরে আক্তারকে রাস্তায় একা পেয়ে আটক করে মারধর করে আলামিন।এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।শাহদাৎ হোসেন/জেডএ/আরআইপি